
ইসরায়েলের বিরুদ্ধে একযোগে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এ পরিকল্পনায় হিজবুল্লাহ, হামাস, হুথি এবং ইরাকের ইরানপন্থি মিলিশিয়াদের সমন্বিতভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) জেরুজালেম পোস্ট ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ৭ অক্টোবরের হামলার সময় যে সমন্বয় ঘাটতি ছিল, তা কাটিয়ে উঠতেই এবার নতুন কৌশল নেওয়া হচ্ছে। ওই সময় হামাস এককভাবে হামলা শুরু করায় ইরান ও হিজবুল্লাহ একই সময়ে অন্য ফ্রন্টগুলো সক্রিয় করতে পারেনি।
আরব গণমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়, এবার শুরু থেকেই একাধিক ফ্রন্ট একসঙ্গে সক্রিয় করার পরিকল্পনা করছে তেহরান।
এই সমন্বয় তৈরির লক্ষ্যে ইরানের কুদস ফোর্সের শীর্ষ কর্মকর্তারা হিজবুল্লাহ, হুথি এবং ইরাকি মিলিশিয়া কমান্ডারদের সঙ্গে আলোচনা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত জুলাইয়ে হামাসের প্রধান হিসেবে নির্বাচিত খলিল আল-হায়ার সঙ্গে তেহরানের সুসম্পর্কও এই সমন্বয়কে আরও জোরদার করেছে বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনী উত্তর ও দক্ষিণ—দুই দিক থেকে চাপ বাড়ানোর লক্ষ্যে হামাস ও হিজবুল্লাহর মধ্যে পুনরায় সমন্বয়ের বিষয়টি শনাক্ত করেছে।
সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন এবং হিজবুল্লাহর ক্ষয়ক্ষতির পর ইরাক ও ইয়েমেনের ইরানপন্থি গোষ্ঠীগুলোর ভূমিকা এই জোটে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদনের গতি বাড়ানোর পাশাপাশি যৌথ সামরিক মহড়াও বাড়ানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে ইসরায়েলবিরোধী এই সমন্বিত হামলার পরিকল্পনা নিয়ে জেরুজালেম পোস্টের প্রতিবেদনটি মূলত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও আরব গণমাধ্যমের বরাতনির্ভর।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার