
ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ এবং দেশটির জন্য সার্বিয়ার মাটিতে ড্রোন উৎপাদনের প্রকল্প বাতিল করতে চায় দেশটির ছাত্র আন্দোলনভিত্তিক রাজনৈতিক জোট ‘স্টুডেন্ট লিস্ট’। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে তারা।
ইরানি সংবাদমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিয়ার ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ প্রতিনিধি ফিলিপ ওবোভিচ এক ব্রিটিশ সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে ভবিষ্যৎ সরকারের ইসরায়েলনীতি সম্পর্কে এ অবস্থানের কথা জানান।
গাজা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ওবোভিচ বলেন, ‘গাজায় যা ঘটছে, তা মানবতার জন্য এক কলঙ্ক এবং অত্যন্ত বেদনাদায়ক। আমাদের পরিকল্পনা হলো, ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করা।’
সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্কের সমালোচনা করে তিনি বলেন, সার্বিয়ার মাটিতে ইসরায়েল-সংশ্লিষ্ট ড্রোন কারখানা প্রতিষ্ঠার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ প্রকল্প বন্ধ করতে হবে।
গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত আগাম সংসদ নির্বাচনে ‘স্টুডেন্ট লিস্ট’ বিজয়ী হওয়ার পর সার্বিয়ায় রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছে ছাত্র আন্দোলনটি।
সম্প্রতি প্রকাশিত জোটটির পররাষ্ট্রনীতিবিষয়ক কর্মসূচিতেও গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বাড়ানোর অঙ্গীকার করা হয়েছে।
সার্বিয়ায় ছাত্র আন্দোলনটির সূচনা হয় ২০২৪ সালের নভেম্বরে। ওই সময় দেশটির নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের কংক্রিটের ছাউনি ধসে ১৬ জন নিহত হন। মর্মান্তিক এ দুর্ঘটনার পর সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও দায়িত্বহীনতার অভিযোগ তুলে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
‘শিক্ষার্থীরাই জয়ী হবে’ স্লোগান নিয়ে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে দেশব্যাপী রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। পরে ‘স্টুডেন্ট লিস্ট’-এর ব্যানারে ২৫০ জন প্রার্থী মনোনয়ন দিয়ে সংসদ নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের রাজনৈতিক শক্তির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করে জোটটি।
প্রায় দুই বছর ধরে চলা আন্দোলনে নোভি সাদের দুর্ঘটনার জন্য সরকারি অব্যবস্থাপনা, দুর্নীতি ও দায়িত্বহীনতাকে দায়ী করা হয়েছে। বিরোধী দলগুলোর বড় একটি অংশকে একত্র করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জোটটি সংসদে সর্বাধিক আসন লাভ করে।
নির্বাচনী সাফল্যের পর ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ এবং ড্রোন উৎপাদন প্রকল্প বাতিলের ঘোষণাকে সার্বিয়ার সম্ভাব্য পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
তবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষা করতে হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার