বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঈদের পর সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিনের দাবি ও যাত্রী চাহিদার প্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে জানান, বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদিরের অনুরোধের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ সিদ্ধান্তে পৌঁছেছে।
তিনি বলেন, ঈদের ছুটি শেষে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে জরুরি সভা করে রুট দুটি চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এতে সিলেটের সঙ্গে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে এবং পর্যটন ও ব্যবসা খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, তিনি বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ বিষয়ে অনুরোধ জানিয়েছেন এবং দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা করছেন।
এর আগে ২০২০ সালে সিলেট-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্লাইট চালু করেছিল, তবে পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। এবার নতুন করে দুই রুটেই ফ্লাইট চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
প্রতিবেদকের নাম 




















