পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের কাছে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় কয়েকটি আন্তঃনগর ও যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে, ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসটি ঈশ্বরদী বাইপাস স্টেশনের মাঝগ্রাম প্রান্তে পৌঁছালে এর দুটি বগি লাইনচ্যুত হয়। এতে মূল লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। পরে বিকেল ৫টার দিকে লাইনচ্যুত দুটি বগি ঘটনাস্থলে রেখে ট্রেনটির বাকি অংশ গন্তব্যের উদ্দেশে ছেড়ে দেওয়া হয়।
ডিআরএম আরও জানান, দ্রুত উদ্ধার অভিযান চালানো হচ্ছে এবং সন্ধ্যা ৭টার মধ্যে লাইন সচল করার আশা করা হচ্ছে।
এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভুঁইয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দ্রুত প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনার কারণে ঢাকা-উত্তরবঙ্গ রুটের বিভিন্ন স্টেশনে একাধিক আন্তঃনগর ও যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিকল্প রুট ব্যবহারের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
প্রতিবেদকের নাম 




















