
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গানবাজনাকে কেন্দ্র করে পুলিশ ও মাদ্রাসাছাত্রদের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে পুলিশ লাইন্সের প্রধান ফটকে দায়িত্বে থাকা তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের বরাত দিয়ে সিরাজুল ইসলাম জানান, ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ওবায়দুর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া ঘটনার সময় পুলিশ লাইন্সের মেইন গেটে দায়িত্ব পালনকারী তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।
পুলিশ, মাদ্রাসাছাত্র ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর স্ত্রী ও পুনাক উপদেষ্টা সিদারাতুল মুনতাহার আগমন উপলক্ষে জেলা পুলিশ ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জাসাসের সহযোগিতায় অনুষ্ঠানটি চলছিল।
পুলিশ লাইন্সের পাশের দারুল আরকাম মাদ্রাসার শিক্ষার্থীরা উচ্চস্বরে গান বাজানোয় আপত্তি জানিয়ে শব্দ কমানোর অনুরোধ করেন। এ নিয়ে একপর্যায়ে উত্তেজনা তৈরি হয়।
পরে শতাধিক মাদ্রাসাছাত্র পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে মাদ্রাসাছাত্ররা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে বলে জানা গেছে।
সংঘর্ষে পুলিশ ও মাদ্রাসাছাত্রসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল, ঘাটুরার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের কারণে জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানও পণ্ড হয়ে যায়।
দারুল আরকাম মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী জানান, বুধবার তাদের মাদ্রাসায় পরীক্ষা থাকায় উচ্চস্বরে গানবাজনার কারণে পড়াশোনায় সমস্যা হচ্ছিল। এ কারণে প্রথমে কয়েকজন শিক্ষার্থী পুলিশ লাইন্সে গিয়ে শব্দ কমানোর অনুরোধ করেন।
তাদের দাবি, প্রথমে শব্দ কমানো হলেও পরে আবার উচ্চস্বরে গান বাজানো শুরু হয়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের বাদানুবাদ হয় এবং একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা।
ঘটনার পর মঙ্গলবার রাতেই ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় দুই পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলা বৈঠকের পর পরিস্থিতি শান্ত হয়।
বৈঠকে উপস্থিত জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম জানান, পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ ঘটনার জন্য ভুল বোঝাবুঝির কারণে দুঃখ প্রকাশ করেছেন।
বৈঠকে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এখন তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের ওপরই ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নির্ভর করছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার