
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে অংশ নিতে উজবেকিস্তান যাওয়ার প্রস্তুতির মধ্যেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের টিম হোটেলে ঘটেছে অপ্রীতিকর ঘটনা। দলের ইংলিশ প্রধান কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমানের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে গত বুধবার দলের টিম হোটেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান প্রধান কোচ জেরার্ড জোন্স।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, দুই কোচের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর পরিস্থিতি হাতাহাতি পর্যন্ত গড়ায়। পরে জেরার্ড জোন্স আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চান। খবর পেয়ে পুলিশ টিম হোটেলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে দুই কোচের বিরোধের সূত্রপাত কী নিয়ে এবং পুলিশকে ঠিক কী ধরনের অভিযোগ জানানো হয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্টের মাত্র কয়েক দিন আগে কোচিং স্টাফের এমন দ্বন্দ্বে দলের পরিবেশ ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডেভেলপমেন্ট কমিটি কাজ করছে বলে জানিয়েছেন দলের ম্যানেজার সামিদ কাশেম।
তিনি বলেন, বাফুফের ডেভেলপমেন্ট কমিটি বিষয়টি দেখছে। আশা করা হচ্ছে, দ্রুতই একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে।
তবে কমিটির কয়েকজন সদস্য ঘটনার বিষয়ে শুরুতে অবগত ছিলেন না বলে জানা গেছে। কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। কমিটির আরেক সদস্য মঞ্জুরুল করিম জানিয়েছেন, এমন ঘটনা ঘটে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, প্রধান কোচ জেরার্ড জোন্সের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
আগামী ৩১ আগস্ট উজবেকিস্তানে শুরু হওয়ার কথা এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দলের আগামী ২৭ আগস্ট দেশ ছাড়ার কথা রয়েছে।
টুর্নামেন্টের আগে কোচিং স্টাফের অভ্যন্তরীণ বিরোধ দ্রুত সমাধান করে দলের প্রস্তুতি ও মনোযোগ স্বাভাবিক রাখাই এখন বাফুফের সামনে বড় চ্যালেঞ্জ।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার