
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমান প্রজন্মই বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ। উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সম্মানে আয়োজিত এক বিশেষ মধ্যাহ্নভোজে তিনি এসব কথা বলেন।
সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। তিনি তাদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে হলে তোমাদের এখন থেকেই যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এর মধ্যে ছিল কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযান-এর সহযোগী সংস্থা ‘সুরভী’-এর ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটি-র ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষক।
পরিদর্শনকালে তারা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম, সংসদ লাইব্রেরি এবং উত্তর প্লাজা ঘুরে দেখেন। এছাড়া সংসদ অধিবেশন কক্ষে বসে সংসদের কার্যপ্রণালী সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পান, যা তাদের সংসদীয় গণতন্ত্র সম্পর্কে বাস্তব ধারণা অর্জনে সহায়তা করে।
সরকারপ্রধানের আমন্ত্রণে এমন আয়োজনের অংশ হতে পেরে শিক্ষার্থী ও শিক্ষকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও দিকনির্দেশনামূলক বক্তব্য তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে এ ধরনের উদ্যোগের জন্য তারা প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার