
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় প্রকাশ করা হবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা দুই দিন বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।
সোমবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পৃথক দুটি পোস্টে এ তথ্য জানানো হয়।
মন্ত্রীর একটি পোস্টে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।’ অন্য পোস্টে জানানো হয়, ‘২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ বিকেল ৩টায় প্রকাশ করা হবে।’
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা ছিল। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সময়সীমা দুই দিন বাড়ানো হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
তবে সময় বাড়ানোর খবর জানানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের শেষ সময় এখনো ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট বহাল রয়েছে।
তাই আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার