দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৬
যোগাযোগ, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে জোর ।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৫টি নতুন প্রকল্প, ৫টি সংশোধিত প্রকল্প এবং ৪টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি।
প্রকল্পগুলোর অর্থায়নের ক্ষেত্রে সরকারি তহবিল থেকে ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, বৈদেশিক ঋণ হিসেবে ৫ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ১৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয় করা হবে।
সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ঢাকায় জরুরি পানি সরবরাহ নিশ্চিতকরণ, ময়মনসিংহ বিভাগে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, পার্বত্য অঞ্চলে সীমান্ত সড়ক উন্নয়ন, ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়ন এবং মধুখালী-মাগুরা ব্রডগেজ রেলপথ নির্মাণ।
এ ছাড়া বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক উন্নয়ন এবং নগর জনগোষ্ঠীর জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।
সভায় তিনটি সড়ক প্রকল্পের মেয়াদ বারবার বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং এ বিষয়ে তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
প্রতিবেদকের নাম 























