জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়সম্বলিত ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প পাঁচটি, সংশোধিত প্রকল্প চারটি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে একটি প্রকল্পের।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে। এর মধ্যে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ ও সংশ্লিষ্ট হাসপাতালের সম্প্রসারণ অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চরফ্যাশনে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পাবনা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিনটি প্রকল্প অনুমোদন পেয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণ প্রকল্প, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দুটি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন প্রকল্প এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে, সভায় পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সম্বলিত আরও সাতটি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন, বন্যা-পরবর্তী পুনর্গঠন, মৎস্যসম্পদের উন্নয়ন, উদ্ভিদ সংগনিরোধ গবেষণাগারের আধুনিকায়ন, ভেনম রিসার্চ সেন্টার শক্তিশালীকরণ এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন উল্লেখযোগ্য।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার