
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী এক বছরের মধ্যে দেশের স্বাস্থ্যসেবা খাতে আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি জেলা থেকে জেলায় ছুটে বেড়াচ্ছেন। ইতোমধ্যে প্রতিটি জেলায় একাধিক হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। এসব পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলে জানান সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচন রয়েছে। এসব নির্বাচনকে সামনে রেখে দলের সব পর্যায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের অবস্থান ও জনপ্রিয়তার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। দলের পক্ষ থেকেও প্রতিবেদন পাঠানো হবে, এরপর প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যাকে চূড়ান্ত মনোনয়ন দেবেন, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনেকে আন্দোলন-মিছিল ও সভা-সমাবেশ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন; তবে নির্বাচনে জয়ী হওয়ার মতো জনপ্রিয়তা না থাকলে তাকে মনোনয়ন দেওয়া হবে না।
তিনি আরও বলেন, মনোনয়ন দেওয়া হবে জনপ্রিয়তার মাপকাঠিতে—যাকে মানুষ ভোট দেবে, তাকেই অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি দলের ত্যাগী নেতাকর্মীদেরও বিভিন্নভাবে মূল্যায়ন করা হবে।
আলোচনা সভায় মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনির সভাপতিত্ব করেন। সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বেলাবো উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ছোটনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সুইচগেইট এলাকায় গিয়ে শেষ হয়।
পরে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার