দেশের বন্ধ হয়ে থাকা ৫০টি পাট ও বস্ত্রকল পর্যায়ক্রমে আগামী এক বছরের মধ্যে আবার চালু করা হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডেপুটি কমিশনারদের সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে ২৫টি পাটকল ও ২৫টি বস্ত্রকল পুনরায় চালুর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। কিছু কারখানা বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে।
তিনি আরও জানান, পুনরায় এসব মিল চালু হলে দেশে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিনিয়োগ বাড়বে। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের মধ্যেই অন্তত ছয়টি কারখানা আবার উৎপাদনে ফিরবে।
এছাড়া আসন্ন ঈদুল আজহা সামনে রেখে কাঁচা চামড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। চামড়া নষ্ট হওয়া রোধে লবণ ব্যবহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।
প্রতিবেদকের নাম 




















