
বরিশাল প্রতিনিধ। ঢাকা-বরিশাল রুটে সরকারের ঘোষণার চেয়ে ১১ গুণেরও বেশি বেড়েছে বাসের ভাড়া। এ রুটের ১৭০ কিলোমিটার পথে মোট ১৮ দশমিক ৭০ টাকা বাড়িয়েছে সরকার। সেই হিসাবে সরকার নির্ধারিত নতুন ভাড়া ৩৭৯ দশমিক ১ টাকা হলেও বাসমালিকরা টিকিটপ্রতি নিচ্ছেন ৬০০ টাকা করে। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে ভাড়া বেড়েছে বলে জানিয়েছেন বাসসংশ্লিষ্টরা।
অন্যদিকে লঞ্চের ভাড়াও বেড়েছে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত।
লঞ্চমালিকরা আবারও ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছেন। সরকার মেনে নিলে আরও একদফা টিকিটের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তথ্যানুযায়ী, ঢাকা-বরিশাল রুটে আগে সরকার নির্ধারিত ভাড়া ৩৬০ দশমিক ৪ টাকা হলেও টিকিটপ্রতি যাত্রীদের কাছ থেকে আদায় করা হতো ৫৫০ টাকা।
সরকারি ঘোষণার আগে থেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হতো এ অঞ্চলের বাসযাত্রীদের। বৃহস্পতিবার ঢাকায় সড়ক পরিবহণ দপ্তর থেকে দেওয়া ঘোষণা অনুযায়ী আন্তঃজেলা রুটে কিলোমিটারপ্রতি ১১ পয়সা ভাড়া বাড়িয়েছে সরকার। সেই হিসাবে ঢাকা-বরিশাল রুটের ১৭০ কিলোমিটার পথের ভাড়া বেড়েছে ১৮ দশমিক ৭০ টাকা। ফলে এ রুটে নতুন ভাড়া হওয়ার কথা ৩৭৯ টাকা। কিন্তু সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ১১ গুণেরও বেশি ২২১ টাকা বাড়িয়ে টিকিটপ্রতি আদায় করা হচ্ছে ৬০০ টাকা।
প্রতিবেদকের নাম 























