
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা পরিচয়ে এ প্রতারণা চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে প্রতারক চক্রের বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
রোববার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে একটি প্রতারক চক্র এনআইডি সংশোধনের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। প্রতারকরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে তারা।
নির্বাচন কমিশন জানিয়েছে, এনআইডি সংশোধনসহ পরিচয়পত্রসংক্রান্ত কোনো সেবা প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হয় না। তাই এসব মাধ্যমে এনআইডি সংশোধনের প্রস্তাব বা সেবা দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ দাবি করা হলে তাতে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত যেকোনো সেবা পেতে নাগরিকদের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে।
এ ছাড়া এনআইডিসংক্রান্ত তথ্য ও সেবা পেতে নির্বাচন কমিশনের নির্ধারিত হটলাইন ১০৫ নম্বরে কল করার অনুরোধ জানানো হয়েছে।
প্রতারণা থেকে রক্ষা পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির কাছে ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের কপি কিংবা অর্থ প্রদান না করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার