
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের হাততালি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ‘ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।’ একই সঙ্গে বক্তব্যের একটি অংশ ক্লিপ করে প্রচার করতে এবং তাকে সারা দেশে ভাইরাল করে দিতে সাংবাদিকদের বলেন তিনি।
সম্প্রতি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের আমতলী শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শনে যান।
সেখানে বক্তব্য দেওয়ার সময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানের নাম উল্লেখ করেন। পাশাপাশি উপস্থিত লোকজনকে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
সংসদ সদস্য বলেন, জনগণ তাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিএনপির প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
দুই মিনিটের বেশি সময় ধরে দেওয়া ওই বক্তব্যের সময় সংসদ সদস্যের পাশে বসা ইউএনও গোলাম রব্বানী সরদারকে হাততালি দিতে দেখা যায়। ভিডিওতে বক্তব্যের বিভিন্ন পর্যায়ে তাকে করতালি দিয়ে সমর্থন জানাতেও দেখা গেছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সরকারি দায়িত্বে থাকা একজন কর্মকর্তার এমন আচরণ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও গোলাম রব্বানী সরদার মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, ‘তাহলে লিখে দেন, এমপির সঙ্গে ইউএনও নির্বাচনী প্রচারণায়। আপনি শোনেন, এভাবে বলেন যে ইউএনও হচ্ছে—নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।’
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, ‘যে সরকার থাকত, যে দলের সরকার থাকত, আমি সেই দলেরই নেতা। বোঝা গেছে মেসেজটা? আমার দল আছে। আমার দল কী? সরকারি দল। আমার আদর্শ সরকারি দলের আদর্শ।’
সাংবাদিককে উদ্দেশ করে ইউএনও বলেন, বক্তব্যের ওই অংশটুকু ক্লিপ করে প্রচার করতে, যাতে তিনি সারা দেশে ভাইরাল হন।
তিনি আরও বলেন, ‘আই ওয়ান্ট টু বি ভাইরাল, ওকে?’
এ সময় নিজের প্রশাসনিক দায়িত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও নির্দিষ্ট সীমার বাইরে যাওয়ার ক্ষমতা নেই। পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সব কাজ সংসদ সদস্যকে জিজ্ঞেস করে করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে একটি চিঠি থাকার কথা জানিয়ে সাংবাদিককে সেটি দেখতে বলেন।
ইউএনওর এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক নেতারা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সায়েম বলেন, একজন সরকারি কর্মকর্তা কীভাবে সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যে হাততালি দিতে পারেন, তা বোধগম্য নয়।
তিনি বলেন, সংসদ সদস্য যখন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজনকে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছিলেন, তখন ইউএনওর সবার আগে হাততালি দিয়ে সমর্থন জানানো কোনোভাবেই কাম্য নয়।
ঘটনাটি ঘিরে সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা ও রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার