সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিতর্কিত ভিডিও প্রকাশের পর প্রতিবাদ জানিয়ে দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর এক কর্মী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিণাগাড়ি গ্রামের দেবাশীর মোড়ে এ ঘটনা ঘটে।
দল ছাড়া ওই কর্মীর নাম দেলোয়ার হোসেন (৩৭)। তিনি স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক এবং যুব বিভাগের সেক্রেটারির দায়িত্বে ছিলেন।
দেলোয়ার হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে আন্তরিকতার সঙ্গে দলীয় কার্যক্রমে যুক্ত ছিলেন। তবে দলের এক শীর্ষ নেতার বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এবং তা নিয়ে হওয়া সমালোচনার পর তার রাজনৈতিক বিশ্বাসে আঘাত লাগে। এ কারণেই ব্যক্তিগত সিদ্ধান্তে তিনি দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দেন। ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না বলেও জানান তিনি।
এ বিষয়ে নূরনগর ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুর রাজ্জাক বলেন, দেলোয়ার তাদের সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন। দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার বিষয়টি তিনি সহকর্মীদের মাধ্যমে জেনেছেন।
উল্লেখ্য, গত সোমবার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তিনি দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী এবং পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে। ঘটনার পর তদন্ত শেষে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।
প্রতিবেদকের নাম 



















