
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাত্রী ও পণ্যবাহী একটি ফেরি মাঝনদী থেকে ঘুরিয়ে ঘাটে ফিরিয়ে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে ওঠানোর অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুলাই) বিকেলে চেয়ারম্যান ঘাটে এ ঘটনা ঘটে। অভিযোগটি ঘিরে ফেরির যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৩টার দিকে ফেরি মহানন্দা যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। প্রায় ২০ মিনিট পর এমপি আবদুল হান্নান মাসউদ গাড়িতে করে চেয়ারম্যান ঘাটে পৌঁছান। তখন ফেরিটি ঘাট থেকে বেশ কিছুটা দূরে চলে গিয়েছিল। পরে এমপিকে বহনের জন্য ফেরিটি মাঝপথ থেকে ঘুরিয়ে আবার ঘাটে আনা হয়। এরপর এমপি ও তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীদের নিয়ে ফেরিটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে।
ঘাটের ইজারাদারের প্রতিনিধি মো. জহির উদ্দিন বলেন, ফেরি ছাড়ার সময় নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও ফেরি ছাড়ার প্রায় ২০ মিনিট পর এমপিকে নিতে সেটিকে আবার ঘাটে ফিরিয়ে আনা হয়। ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলামও জানান, ফেরি ছেড়ে যাওয়ার পর সংসদ সদস্য ফেরি কর্তৃপক্ষের ম্যানেজারকে ফোন করেন। পরে ম্যানেজারের নির্দেশেই ফেরিটি ঘাটে ফিরিয়ে এনে তাকে ওঠানো হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন এমপি আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, সরকারি জরুরি কাজে তার হাতিয়ায় যাওয়া প্রয়োজন ছিল। তার দাবি, ফেরিটি ঘাট থেকে খুব বেশি দূরে যায়নি এবং তিনি ফেরি ছাড়ার মাত্র এক মিনিটের মধ্যেই ঘাটে পৌঁছেছিলেন। বিষয়টি নিয়ে একটি মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার