
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জনগণকে খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, সরকার মানুষের রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে। এ অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার না করলে খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
সোমবার (২ নভেম্বর) রাতে রাজধানীর রূপায়ন ট্রেড সেন্টারের সামনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ২৯ দিনের ব্যবধানে দুই দফা এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জনগণকে খালি গ্যাসের সিলিন্ডার নিয়ে প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গ্যাসের দাম বাড়িয়ে সরকার জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ভোগান্তি আরও বেড়েছে। সরকার যখন মানুষের রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে, তখন জনগণেরও খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামা ছাড়া আর কোনো উপায় নেই।
তিনি বলেন, পাড়া-মহল্লার মা-বোনদের খালি গ্যাসের সিলিন্ডার নিয়ে প্রতিবাদ শুরু করতে হবে। জনগণের ওপর চাপিয়ে দেওয়া এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, সরকারের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। সরকার একটি কারিগরি কমিটি গঠন করেছিল এবং গণশুনানির পর ওই কমিটি গ্যাসের দাম নির্ধারণ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কমিটির সিদ্ধান্ত মানা হয়নি। বরং তিন-চারটি কোম্পানির মালিকের কথায় জনগণের স্বার্থ উপেক্ষা করে গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে সরকারকে এই অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।
গ্যাসের সিলিন্ডারের দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, গ্যাসের সিলিন্ডার এখন মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে এমন পরিস্থিতি কখনো প্রত্যাশা করেননি তারা। প্রতিবেশী প্রায় সব দেশে গ্যাসের দাম কম থাকলেও বাংলাদেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি মূল্যবৃদ্ধি প্রত্যাহার না করে, তাহলে জনগণকে খালি গ্যাসের সিলিন্ডার, হাঁড়ি-পাতিল ও কলস নিয়ে রাজপথে নামতে হবে এবং অবরোধের কর্মসূচি পালন করতে হবে।
এদিকে, পোশাকশ্রমিকদের আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, পোশাকশ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বলে সরকার যে বক্তব্য দিয়েছে, তা গোয়েন্দা ব্যর্থতার ইঙ্গিত দেয়। এ ক্ষেত্রে সরকারও পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষ্য, সরকার ব্যর্থ হলে আওয়ামী লীগ সেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে এবং ভবিষ্যতে আরও বড় ধরনের আঘাত হানতে চাইবে। এ পরিস্থিতি মোকাবিলায় শ্রমিক অঞ্চলগুলো নিরাপদ করতে গোয়েন্দা সংস্থাগুলোকে আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার