
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকিমুন ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকিমুন ইসলাম ওই গ্রামের শহীদ হোসেনের ছেলে। তিনি বড়ভিটা উচ্চবিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কলেজে ভর্তি হয়ে নতুন করে পড়াশোনা শুরুর স্বপ্ন দেখছিলেন তিনি। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না।
স্থানীয়রা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তীব্র গরমে অনেকেই বাড়ির বাইরে গাছের ছায়ায় অবস্থান করছিলেন। দুপুরের দিকে আকিমুনও বাড়ির সামনে একটি বাঁশঝাড়ের ছায়ায় দাঁড়িয়ে প্রতিবেশীদের সঙ্গে গল্প করছিলেন।
এ সময় তিনি একটি বাঁশগাছ ধরে দাঁড়িয়ে ছিলেন। ওই বাঁশগাছের সঙ্গে বিদ্যুতের তারের সংযোগ রয়েছে—এ বিষয়টি আকিমুন জানতেন না। হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে বাঁশগাছটি বিদ্যুতায়িত হয়ে আকিমুন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাফিজুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরই আকিমুনের মৃত্যু হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আকিমুনের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার