
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির পঞ্চম আসরের নিলামে দল পাননি বাংলাদেশের পেসার নাহিদ রানা। ফলে প্রথমবারের মতো এই লিগে বাংলাদেশের কোনো ক্রিকেটারের খেলার সম্ভাবনা তৈরি হলেও তা বাস্তবে রূপ নিচ্ছে না। তবে নিলামের আগেই সরাসরি চুক্তিতে সানরাইজার্স ইস্টার্ন কেপে জায়গা করে নিয়েছেন লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন।
এবারের নিলামে ৭৮৯ জন ক্রিকেটার নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গা পান ১৫৬ জন। এর মধ্যে ৯৫ জন দক্ষিণ আফ্রিকার এবং ৬১ জন বিদেশি ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে চূড়ান্ত তালিকায় ছিলেন নাহিদ রানা। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড। কিন্তু তাকে নিয়ে কোনো দল আগ্রহ দেখায়নি।
এর আগে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে নাহিদ রানার অংশগ্রহণ নিয়ে অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এনওসি না পাওয়ায় এর আগে বিগ ব্যাশে খেলার প্রস্তাবও ফিরিয়ে দিতে হয়েছিল তাকে।
অন্যদিকে সরাসরি চুক্তিতে রিশাদকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। দলটির ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। রিশাদের সঙ্গে সরাসরি চুক্তিতে দলে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শকেও।
এসএ টোয়েন্টির আগামী আসর শুরু হবে ৯ জানুয়ারি এবং চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। রিশাদ এবার একই দলে খেলবেন কুইন্টন ডি কক, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, অ্যাডাম মিলনে, এনরিখ নরকিয়া, মিচেল মার্শ ও নান্দ্রে বার্গারের মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গে।
এর আগে এসএ টোয়েন্টিতে কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলেননি। ফলে রিশাদ হোসেনের হাত ধরেই দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ক্রিকেটারের অভিষেক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
রিটেইনড: ম্যাথু ব্রিটজকে, জেমস কোলস, কুইন্টন ডি কক, লুইস গ্রেগরি, জর্ডান হারম্যান, মার্কো জানসেন, সিজি কিং, জেপি কিং, প্যাট্রিক ক্রুগার, অ্যাডাম মিলনে, সেনুরান মুথুসামি, এনরিখ নরকিয়া, লুথো সিপামলা, ত্রিস্টান স্টাবস, মিচেল ভ্যান বুরেন।
প্রি-সাইনিং: মিচেল মার্শ, রিশাদ হোসেন।
নিলাম থেকে: নান্দ্রে বার্গার, ক্রেইগ ওভারটন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার