
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে মরিয়ম নামে এক তরুণীর মৃত্যুর ১৮ দিন পর তার কবর খুঁড়ে দেখেছেন স্বজনরা। কবরের ভেতরে তিনি জীবিত আছেন এবং কবর থেকে সুগন্ধি বের হচ্ছে—এমন গুজবের জেরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পোশাক কারখানার কর্মী মরিয়ম ঈদের আগে বাড়ি এসে অসুস্থ হয়ে পড়েন। পরে ঈদের দিন, ২৮ মে ভোরে তিনি মারা যান এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দাফনের কয়েকদিন পর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে, তার কবর থেকে সুগন্ধি বের হচ্ছে। পাশাপাশি পরিবারের কয়েক সদস্য দাবি করেন, তারা স্বপ্নে মরিয়মকে জীবিত দেখেছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয় এবং প্রতিদিনই কবর দেখতে ভিড় জমাতে থাকেন উৎসুক মানুষ।
মঙ্গলবার বিকেলে শত শত মানুষের উপস্থিতিতে স্বজনরা কবর খুঁড়ে মরদেহ দেখেন। পরে তারা নিশ্চিত হন যে মরিয়ম মারা গেছেন এবং মরদেহে স্বাভাবিকভাবেই পচন ধরেছে। কবরের ভেতর থেকে কোনো সুগন্ধিও পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপস্থিত কয়েকজন।
স্থানীয় মসজিদের ইমাম আবুল কাশেম জানান, স্বজনদের দাবি করা বিষয়গুলো বাস্তবসম্মত নয় বলে তাদের আগেই বোঝানো হয়েছিল। তবুও সন্দেহ দূর করতে তারা কবর খোঁড়ার সিদ্ধান্ত নেন।
এদিকে ভোলা সদর মডেল থানার ওসি মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, কবর খোঁড়ার জন্য আদালতের অনুমতি প্রয়োজন। তবে কবর খোঁড়ার ঘটনাটি সম্পর্কে পুলিশ আগে থেকে অবগত ছিল না।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার