
ঈদের ছুটিতে বাড়ি ফেরার স্বপ্ন ছিল রমজান আলীর। দীর্ঘ এক যুগ প্রবাস জীবনের পর স্ত্রীকে নিয়ে নতুন করে সংসার শুরু করার পরিকল্পনাও করেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেয়নি।
ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার চার মাস পর অবশেষে গ্রামের বাড়িতে ফিরলেন জামালপুরের মেলান্দহ উপজেলার আগপয়লা ঠেঙ্গেপাড়া এলাকার প্রবাসী রমজান আলী (৩৫)—তবে জীবিত নয়, কফিনবন্দী নিথর দেহে।
পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ বাবার সংসারের হাল ধরতে প্রায় ১২ বছর আগে জীবিকার খোঁজে ইরাকে পাড়ি জমান রমজান। কঠোর পরিশ্রমে তিনি পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণ করেন, যার নাম দেন “মা-বাবা মঞ্জিল”।
মাত্র আট মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করেন তিনি। পরিকল্পনা ছিল দেশে ফিরে নতুন জীবনের সূচনা করার। কিন্তু গত ৩ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
দীর্ঘদিন মরদেহ দেশে না আসায় পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়ে। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সহযোগিতায় মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মরদেহ বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবারের স্বপ্নভঙ্গের এই ঘটনায় স্থানীয়রাও গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার