
বলিউড অভিনেতা শরদ কাপুরের কাজের আকুতি শুনে তাঁর পাশে দাঁড়িয়েছেন শাহরুখ খান। সম্প্রতি কাজের আবেদন জানিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশের পরই তাঁকে ফোন করেন বলিউড বাদশাহ।
১৯৯৪ সালে ‘মেরা পেয়ারা ভারত’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন শরদ কাপুর। নির্মাতা মহেশ ভাটের ‘দস্তক’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। তবে ২০০০ সালে শাহরুখ খানের সঙ্গে ‘জোশ’ সিনেমায় অভিনয়ের পর আরও বেশি পরিচিতি অর্জন করেন এই অভিনেতা।
কিন্তু দীর্ঘদিন ধরে কাজ না থাকায় বর্তমানে কঠিন সময় পার করছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করে কাজের সুযোগ চান একসময়ের এই পরিচিত অভিনেতা। তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়েছেন বলিউডের কয়েকজন তারকা। তাঁদের মধ্যে রয়েছেন শাহরুখ খানও।
শরদ কাপুর জানান, ভিডিও প্রকাশের পর তাঁকে ফোন করে শাহরুখ খান নিজের পছন্দের কাজ করার পরামর্শ দিয়েছেন। এ অভিনেতার ভাষ্য, ‘শাহরুখ খান বলেছেন—তোমার যা ভালো লাগে, তুমি সেটাই করো। আমি তোমাকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।’
শিগগিরই শাহরুখের ছেলে আরিয়ান খানের সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শরদ কাপুর। ‘জোশ’ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, তাঁদের সম্পর্ক বেশ ভালো ছিল। শাহরুখের প্রশংসা করে শরদ বলেন, তিনি অনেক বড় মাপের মানুষ।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন শরদ কাপুর। সম্প্রতি তাঁর চারটি পোষা কুকুরকে অন্যত্র পাঠানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। পরে নিজেই ভিডিও প্রকাশ করে কাজের সুযোগ চান তিনি। এ ঘটনায় অভিনেতার শারীরিক ও আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তাঁর ভক্ত-অনুরাগীরা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার