
উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। তাদের মতে, ইউনিটটির কাছে প্রায় ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি লঞ্চার থাকতে পারে, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হতে পারে। বুধবার (৫ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
ইউক্রেনের প্রধান গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তা আন্দ্রি চেরনিয়াক জানান, প্রায় ৯০ সদস্যের একটি উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র ইউনিটকে রাশিয়ার ভোরোনেঝ অঞ্চলে মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। ইউনিটটি রাশিয়ার ১১২তম ক্ষেপণাস্ত্র ব্রিগেডের অধীনে কাজ করবে।
তার দাবি, উত্তর কোরিয়া ইতোমধ্যে নতুন করে ৪০টি কেএন-২৩ ও কেএন-২৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট কর্মীদের রাশিয়ায় পাঠিয়েছে। আগামী মাসে দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনায় মোতায়েনের চূড়ান্ত কাঠামো নির্ধারণ হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, রাশিয়ার হাতে মোট ১২০টি উত্তর কোরীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি লঞ্চার থাকবে।
তবে উত্তর কোরিয়ার সেনারা রুশ ক্ষেপণাস্ত্র অভিযানে কী ধরনের ভূমিকা পালন করবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বর্তমানে ইউক্রেন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে রয়েছে। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। ২০২৩ সালের শেষ দিক থেকে রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনে উত্তর কোরিয়ার তৈরি কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এবার যদি উত্তর কোরিয়ার নিজস্ব ক্ষেপণাস্ত্র ইউনিটও সরাসরি যুক্ত হয়, তাহলে দুই দেশের সামরিক সহযোগিতা আরও গভীর হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ফিলাডেলফিয়াভিত্তিক ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক রব লি বলেন, উত্তর কোরিয়ার এই সামরিক সহায়তা ইউক্রেনের জন্য বড় হুমকি। তার মতে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ইউক্রেনের অন্যতম বড় দুর্বলতা। ফলে এসব ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়লে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, শীত মৌসুমে রাশিয়া আবারও ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালাতে পারে।
চেরনিয়াকের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। তিনি জানান, তার বক্তব্য সংবেদনশীল গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে, যা প্রকাশ করা সম্ভব নয়। এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ২০২৪ সালে দুই দেশ পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। ইউক্রেনের দাবি, উত্তর কোরিয়া ইতোমধ্যে রাশিয়াকে লাখ লাখ আর্টিলারি গোলা সরবরাহ করেছে এবং কুরস্ক অঞ্চলে প্রায় ১৪ হাজার সেনাও পাঠিয়েছিল।
ইউক্রেনীয় কর্মকর্তাদের তথ্যমতে, ২০২৩ সালের শেষ দিক থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত উত্তর কোরিয়া রাশিয়াকে অন্তত ১৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। বর্তমানে কুরস্ক অঞ্চলে প্রায় সাড়ে ৯ হাজার উত্তর কোরীয় সেনা অবস্থান করছে। এছাড়া আরও ৩০ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার কেএন-২৩ ও কেএন-২৪ ক্ষেপণাস্ত্রের পাল্লা ও বহনক্ষমতা রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের তুলনায় বেশি। তবে এগুলোর নির্ভুলতা তুলনামূলক কম। ইউক্রেনের দাবি, অতীতে এসব ক্ষেপণাস্ত্রের হামলায় উল্লেখযোগ্য বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটেছে।
সূত্র: রয়টার্স।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার