
কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১-এর পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (১ জুলাই) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম অভিযানে ৩০ জুন দুপুরে কোতয়ালী মডেল থানার টিক্কারচর এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুল হাসান জিদান (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এরপর ১ জুলাই সকালে একই থানার তেলীকোনা এলাকায় আরেকটি পৃথক অভিযানে মো. মনির হোসেন (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
সংস্থাটি আরও জানায়, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১১-এর তথ্যমতে, চলমান অভিযান কার্যক্রমে বিপুল সংখ্যক মাদক ও অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার