
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৯ কেজি ওজনের একটি ইয়েলোফিন টুনা। বিরল আকারের এই মাছটি শুক্রবার (৩১ জুলাই) কুয়াকাটা মাছ বাজারে আনা হলে সেটি দেখতে স্থানীয়দের ভিড় জমে।
জেলেদের তথ্যমতে, গত ২৮ জুলাই পায়রা বন্দরের মূল চ্যানেলের কাছাকাছি গভীর সমুদ্রে মাছ ধরার সময় এফবি সজিব নামের একটি ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। পরে ট্রলারের মাঝি জীবন মাঝি মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস মৎস্য আড়তে নিয়ে আসেন। এত বড় ইয়েলোফিন টুনা আগে বাজারে দেখা যায়নি বলে জানান স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা।
মনি ফিস মৎস্য আড়তের ম্যানেজার মিজান জানান, উন্মুক্ত নিলামে মাছটি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। ২৮ কেজি ৯০০ গ্রাম ওজনের মাছটির মোট মূল্য দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৬০ টাকা। মাছটি কিনেছেন স্থানীয় ব্যবসায়ী ইসমাইল। তার ভাষ্য, ইয়েলোফিন টুনার বাজারে ভালো চাহিদা রয়েছে এবং তিনি লাভজনক দামে এটি বিক্রির আশা করছেন।
ট্রলারের মাঝি জীবন মাঝি বলেন, তিন দিন আগে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান। জাল ফেলতেই বিশাল আকৃতির টুনাটি ধরা পড়ে। ভালো দামে বিক্রি করতে পেরে তারা সন্তুষ্ট।
WCS ও ওয়ার্ল্ডফিশ পরিচালিত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, ইয়েলোফিন টুনা (Thunnus albacares) একটি বৃহৎ আকারের পরিযায়ী সামুদ্রিক পেলাজিক মাছ। বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল (EEZ) ও সোয়াচ অব নো গ্রাউন্ড এলাকায় এ মাছ পাওয়া যায়। বিশ্ববাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে এবং এটি উচ্চমানের প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পূর্ণবয়স্ক ইয়েলোফিন টুনা প্রায় ২.৪ মিটার দৈর্ঘ্য ও ২০০ কেজি পর্যন্ত ওজনের হতে পারে। অনুকূল পরিবেশে এ মাছ উপকূলের কাছাকাছি চলে আসে এবং ঘণ্টায় প্রায় ৭৫ কিলোমিটার বেগে সাঁতার কাটতে সক্ষম।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার