
পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৮ হাজার ৫১০ টাকায়। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে জেলে নবী হোসেনের জালে ধরা পড়ে ইলিশটি।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুয়াকাটা পৌর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি নিলামে তোলা হয়। প্রতি মণ ১ লাখ ৪৫ হাজার টাকা দরে ইলিশটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী জয়নাল ঘরামী। বড় আকৃতির ইলিশটি দেখতে ঘাটে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।
ইলিশটির ক্রেতা ‘ঘরামী ফিস কুয়াকাটা’র স্বত্বাধিকারী জয়নাল ঘরামী জানান, ওজন ও মান বিবেচনায় ৮ হাজার ৫১০ টাকায় মাছটি কিনেছেন। এটি রপ্তানির জন্য প্রস্তুত করা হবে। এর আগে বুধবার (১১ নভেম্বর) দুই কেজি ওজনের আরেকটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় কেনেন তিনি।
জেলে নবী হোসেন বলেন, নিষেধাজ্ঞা শেষে সাগরে নেমে এটিই তাদের জালে ধরা পড়া প্রথম বড় ইলিশ। ছোট ইলিশের পাশাপাশি এমন বড় ইলিশ পাওয়ায় তারা আনন্দিত। ভালো দামে বিক্রি হওয়ায় আর্থিকভাবেও লাভবান হয়েছেন।
তবে বড় ইলিশের এমন দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান জানান, বড় ইলিশ খাওয়ার ইচ্ছা থাকলেও বর্তমান দামে মধ্যবিত্ত পরিবারের পক্ষে কেনা কঠিন। মাছটি কেনার আগ্রহ থাকলেও দাম শুনে পিছিয়ে যেতে হয়েছে তাকে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, নিষেধাজ্ঞা শেষে ইলিশ আহরণ শুরু হওয়ায় জেলেদের জালে বড় আকৃতির ইলিশ ধরা পড়ছে। প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ রাখলে প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে একটি বড় ইলিশ ধরা পড়ার ঘটনা দিয়ে উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। এ জন্য দীর্ঘমেয়াদি গবেষণা ও আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ করতে হবে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের। ইলিশের উৎপাদন ও প্রজনন সুরক্ষায় সরকারের সংরক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে জেলেদেরও নির্ধারিত নিষেধাজ্ঞা মেনে মাছ আহরণ করতে হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার