
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে গভীর সমুদ্রে বসবাসকারী বিরল প্রজাতির একটি সামুদ্রিক মাছ। ‘ইউনিকর্ন লেদারজ্যাকেট’ বা ‘ফাইলফিশ’ নামে পরিচিত এই মাছটি রোববার (১৯ জুলাই) বিকেলে কুয়াকাটার চর গঙ্গামতি সৈকতে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
অস্বাভাবিক আকৃতির এই মাছটির খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে সৈকতে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, মোটরসাইকেলে করে চর গঙ্গামতি এলাকায় যাওয়ার সময় তিনি বালুচরে পড়ে থাকা অদ্ভুত আকৃতির একটি মৃত মাছ দেখতে পান। তার ধারণা, রাতের জোয়ারের পানিতে গভীর সমুদ্র থেকে স্রোতের টানে মাছটি উপকূলে ভেসে এসেছে।
পর্যটন ও পরিবেশকর্মী কে এম বাচ্চু বলেন, কুয়াকাটা উপকূলে এর আগে এ ধরনের মাছ দেখা যায়নি। গভীর সমুদ্রের কোনো বিরল প্রজাতির মাছ স্রোতের টানে উপকূলে চলে আসা নিঃসন্দেহে ব্যতিক্রমী ঘটনা।
ব্লু-অ্যাকশন ফান্ডের অর্থায়নে ডাব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের যৌথ উদ্যোগে পরিচালিত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান মাছটিকে ‘ইউনিকর্ন লেদারজ্যাকেট’ বা ‘ফাইলফিশ’ হিসেবে শনাক্ত করেন।
তিনি জানান, এটি গভীর সমুদ্রের একটি বিরল প্রজাতির মাছ। পরিবেশগত পরিবর্তন, সমুদ্রের স্রোতের অস্বাভাবিকতা, ঝড়ো আবহাওয়া কিংবা শারীরিক অসুস্থতার কারণে মাঝে মাঝে এ ধরনের মাছ মৃত অবস্থায় উপকূলে ভেসে আসতে পারে। তবে এমন ঘটনা খুবই বিরল।
বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, মাছটির বৈজ্ঞানিক নাম Aluterus monoceros। চ্যাপ্টা দেহ, শক্ত ও খসখসে চামড়ার কারণে এটি ‘লেদারজ্যাকেট’ নামে পরিচিত। মাথার ওপর থাকা সরু কাঁটা এ প্রজাতির অন্যতম বৈশিষ্ট্য।
সাধারণত গভীর সমুদ্রের প্রবাল ও পাথুরে এলাকায় এদের বিচরণ। শৈবাল, স্পঞ্জ, জেলিফিশ, ছোট ক্রাস্টেশিয়ান, চিংড়ি, শামুকসহ বিভিন্ন তলদেশীয় অমেরুদণ্ডী প্রাণী এদের প্রধান খাদ্য।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, প্রাথমিকভাবে এটি ফাইলফিশ প্রজাতির মাছ বলেই ধারণা করা হচ্ছে। উপকূলে এ ধরনের বিরল সামুদ্রিক প্রাণী ভেসে এলে গবেষণা ও সংরক্ষণের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানানো প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, কুয়াকাটা উপকূলে সাম্প্রতিক সময়ে একের পর এক বিরল সামুদ্রিক প্রাণী ভেসে আসার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা প্রয়োজন। জলবায়ু পরিবর্তন, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি, স্রোতের পরিবর্তন ও বৈরী আবহাওয়ার সঙ্গে এসব ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা জানতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার