
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে এক হাজতি ও এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার সকালে পৃথকভাবে অসুস্থ হয়ে পড়ার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার সেকান্দার আলীর ছেলে হাজতি আবুল বাশার (৫৪) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুদু মিয়ার ছেলে কয়েদি আব্দুল কাইয়ুম (৬২)।
কারারক্ষী শহীদ ও হেমায়েত হোসেন জানান, রোববার সকালে কারাগারের পৃথক স্থানে আবুল বাশার ও আব্দুল কাইয়ুম হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাদের দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
অচেতন অবস্থায় হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
আবুল বাশার ও আব্দুল কাইয়ুম ঠিক কোন মামলায় কারাগারে বন্দি ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি কারা কর্তৃপক্ষ বা দায়িত্বপ্রাপ্ত কারারক্ষীরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে।
ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার