
দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গঠনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট-এ আয়োজিত বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতা ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে স্কুল-কলেজের সংখ্যা এখনও প্রয়োজনের তুলনায় কম হলেও সরকার এখন শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষা ব্যবস্থার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, চীন যেভাবে বিশাল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করেছে, তা বাংলাদেশের জন্য অনুকরণীয় হতে পারে। ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্কের অন্যতম ভিত্তি হবে শিক্ষা খাত বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জানান, আগের মতো শুধু পরীক্ষা ও জিপিএ-৫ নির্ভর শিক্ষা নয়, বরং প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। বিশেষ করে কারিগরি ও সাধারণ শিক্ষার উন্নয়নে চীনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় বিশ্বমানের প্রযুক্তি যুক্ত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, শিগগিরই ‘নতুন কুঁড়ি’ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।




















