ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ ক্রোয়েশিয়ায় অনিয়মিতভাবে প্রবেশের চেষ্টার সময় বসনিয়ার সীমান্তে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের শতাধিক অভিবাসীকে আটক করেছে দেশটির সীমান্ত পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে অন্তত ২৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
বার্তা সংস্থা এএফপি বসনিয়ার সীমান্ত পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উত্তর বসনিয়ার বিস্তরিকা এলাকার সীমান্ত পয়েন্টে পৃথক দুটি অভিযান চালিয়ে এসব অভিবাসীকে আটক করা হয়।
দুই অভিযানে আটক শতাধিক অভিবাসী
বসনিয়ার সীমান্ত পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম অভিযানে সীমান্ত অতিক্রমের সময় ৪০ জন পাকিস্তানি ও ২৩ জন বাংলাদেশির একটি দলকে আটক করা হয়।
পরে একই এলাকায় পরিচালিত দ্বিতীয় অভিযানে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের আরও ৩৩ জন অভিবাসীকে আটক করে পুলিশ। দুই অভিযানে আটক ব্যক্তিদের মোট সংখ্যা শতাধিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জব্দ দুই নৌকা, মানবপাচারের সন্দেহ
অভিযানকালে সীমান্ত পার হওয়ার জন্য অভিবাসীদের ব্যবহৃত দুটি নৌকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে মানবপাচার কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বলকান রুটে অবৈধ প্রবেশের চেষ্টা
আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পৌঁছানোর জন্য ব্যবহৃত অনিয়মিত পথগুলোর মধ্যে ‘বলকান রুট’ অন্যতম। বসনিয়া এই রুটের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে বলকান রুটে ৪ হাজার ৯০০টির বেশি অবৈধ সীমান্ত অতিক্রমের ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২৬ শতাংশ কম।
প্রতিবেদকের নাম 




















