
ব্যক্তিগত বা দলীয় স্বার্থে রাজনীতিকে ব্যবহার করলে তার পরিণতি ভালো হয় না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, জনগণের স্বার্থকে উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহার করলে অতীতের মতোই কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।
শনিবার (১৮ জুলাই) সকালে রাজবাড়ী কনভেনশন সেন্টারে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় রাজবাড়ী সদর উপজেলা, রাজবাড়ী পৌরসভা, গোয়ালন্দ উপজেলা ও গোয়ালন্দ পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের ভোটে সরকার গঠিত হয়েছে। তাই জনগণের প্রত্যাশা পূরণ এবং তাদের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, “ব্যক্তিগত বা দলের স্বার্থে রাজনীতি করলে তার পরিণতি পতিত শেখ হাসিনার মতোই হবে। রাজনীতি হতে হবে মানুষের জন্য, ব্যক্তিস্বার্থ রক্ষার জন্য নয়।”
নেতাকর্মীদের উদ্দেশে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, গত দুই দশকের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। জনগণের আস্থা অর্জন করেই টেকসই রাজনৈতিক অবস্থান তৈরি করা সম্ভব।
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় বিভেদ ভুলে জনগণের পাশে দাঁড়ানোই হবে সবচেয়ে বড় রাজনৈতিক দায়িত্ব।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দল দীর্ঘমেয়াদে সফল হতে পারে না। তাই নেতাকর্মীদের উচিত অহংকার ও ক্ষমতার অপব্যবহার থেকে দূরে থেকে সততা, জবাবদিহি এবং জনসেবাকে রাজনীতির মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাবেক সদস্য আহ্বায়ক নঈম আনসারী এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা এ সবুর শাহীন।
এ সময় বিএনপি নেতা মঞ্জুরুল আলম দুলাল, আকমল হোসেন, এ. মজিদ বিশ্বাস, গাজী আহসান হাবিবসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভায় রাজবাড়ী সদর ও গোয়ালন্দ এলাকার বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার