শেরপুরে জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ গভীর রাতে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শহরের নবীনগর এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় থাকা তার আবাসিক ভবন থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।
স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পাসপোর্ট অফিসের ভেতরে সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখা যায়। পরে বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শেরপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। ওই ভবনের একটি টেবিলে খালি মদের বোতল পাওয়া গেছে বলেও স্থানীয়রা দাবি করেন। এ নিয়ে সেখানে মদ্যপানের অভিযোগও ওঠে।
তবে ওই নারী নিজেকে অবিবাহিত দাবি করে জানান, রুস্তম আলী তার দুঃসম্পর্কের দুলাভাই। তিনি বেড়াতে এসেছিলেন। তবে গভীর রাতে দুজন একই কক্ষে অবস্থান করার বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দিতে পারেননি।
অন্যদিকে রুস্তম আলী দাবি করেন, রাত সাড়ে ১০টার দিকে ওই আত্মীয় নারীকে বাসায় প্রবেশ করানোর সময় কয়েকজন বিষয়টি দেখতে পান। পরে কয়েকজন তার বাসায় ঢুকে ওই নারীকে নিয়ে তাকে হেনস্তার চেষ্টা করেন এবং তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন বলেও অভিযোগ করেন তিনি।
শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করে। পরে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সহকারী পরিচালক ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী রুস্তম আলীর দুঃসম্পর্কের শালি। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর এলাকায়। প্রাথমিকভাবে তার নাম ওজিলা বলে জানা গেছে।
তিনি বলেন, সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভেতরে গভীর রাতে লোকজনের উপস্থিতির বিষয়টি জানার পর পুলিশ সেখানে যায়। রাত আড়াইটার দিকে তাদের থানায় নেওয়া হয়। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 



















