
গাইবান্ধার সাঘাটায় মৃত ব্যক্তির মজলিসের খাবার খেয়ে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। অসুস্থদের মধ্যে অনেককে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ বিপুলসংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়ায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি নয়াপাড়া গ্রামে মৃত জাহিদুল ইসলামের মজলিস উপলক্ষে ভোজের আয়োজন করা হয়। জাহিদুল ওই গ্রামের বাবলু ব্যাপারীর ছেলে এবং কলিম উদ্দীন ব্যাপারীর ভাতিজা। এ উপলক্ষে তার বাবা বাবলু ব্যাপারী এলাকার মানুষের কাছ থেকে চাল ও আর্থিক সহায়তা সংগ্রহ করেন। পরে গ্রামের লোকজনসহ বিভিন্ন এলাকার মানুষ আয়োজনে অংশ নিয়ে খাবার গ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মজলিসের খাবার খাওয়ার পর থেকেই একে একে অনেকের পেটের পীড়া, ডায়রিয়া, বমি ও অন্যান্য শারীরিক অসুস্থতার উপসর্গ দেখা দিতে শুরু করে। প্রথমদিকে কয়েকজন অসুস্থ হলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে বিপুলসংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থদের মধ্যে অনেকের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে। এতে কালপানি নয়াপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে স্বজনদের মধ্যে দুশ্চিন্তা বেড়েছে।
স্থানীয়দের ধারণা, খাবার কিংবা পানির দূষণের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এত মানুষের অসুস্থতার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে মজলিসে পরিবেশিত খাবার ও পানির নমুনা পরীক্ষা এবং স্বাস্থ্য বিভাগের প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ বলেন, ডায়রিয়া আক্রান্তদের যথাযথ নিয়মে চিকিৎসা দেওয়া হচ্ছে। যেসব রোগীর জটিলতা দেখা যাচ্ছে, তাদের গাইবান্ধা ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য রেফার করা হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার