
একসময় গ্রামবাংলার কৃষিকাজ, পণ্য পরিবহন ও যোগাযোগের অন্যতম প্রধান বাহন ছিল গরুর গাড়ি। আধুনিক যান্ত্রিক যানবাহনের বিস্তারে সেই ঐতিহ্য এখন প্রায় বিলুপ্ত। তবে হারিয়ে যাওয়া সেই ইতিহাস ও সংস্কৃতির স্মৃতি ধরে রাখতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা জিল্লুর রহমান খন্দকার নিজের বাড়িতে সংরক্ষণ করে রেখেছেন একটি পুরোনো গরুর গাড়ির চাকা।
সম্প্রতি তার বাড়িতে গেলে দেখা যায়, বহু বছরের পুরোনো ওই চাকাটি যত্নসহকারে সংরক্ষণ করা হয়েছে। ৭০ বছর বয়সী জিল্লুর রহমান জানান, ভবিষ্যৎ প্রজন্ম যেন গ্রামবাংলার ঐতিহ্য, কৃষিভিত্তিক জীবনযাপন এবং অতীতের পরিবহন ব্যবস্থার সঙ্গে পরিচিত হতে পারে, সেই ভাবনা থেকেই তিনি চাকাটি সংরক্ষণ করেছেন।
গরুর গাড়ির চাকা তৈরির কারিগর খেতাব উদ্দিন জানান, একসময় গাইবান্ধার বিভিন্ন এলাকায় গরুর গাড়ির চাকা তৈরির কাজ ছিল একটি পরিচিত পেশা। এই শিল্পের সঙ্গে বহু পরিবার জড়িত ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে গরুর গাড়ির ব্যবহার কমে যাওয়ায় অধিকাংশ কারিগরই তাদের পৈতৃক পেশা ছেড়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হয়েছেন।
স্থানীয় বাসিন্দা মহির উদ্দিন বলেন, একসময় মিস্ত্রিপাড়ায় সারাদিন গরুর গাড়ির চাকা তৈরির শব্দ শোনা যেত। ক্রেতা-বিক্রেতাদের আনাগোনায় এলাকাজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য। এখন সেই কর্মব্যস্ত পরিবেশ আর নেই; সবই যেন স্মৃতির অংশ হয়ে গেছে।
জিল্লুর রহমান খন্দকার আরও জানান, তাদের পরিবারেও একসময় একটি গরুর গাড়ি ছিল, যা কৃষিকাজসহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হতো। সময়ের সঙ্গে গাড়িটি হারিয়ে গেলেও এর একটি চাকা তিনি স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ করে রেখেছেন। তার বিশ্বাস, এই ছোট্ট উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে সহায়তা করবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার