
গাজা উপত্যকার মধ্যাঞ্চলে পরিচালিত এক সামরিক অভিযানে হামাসের ড্রোন ইউনিটের শীর্ষ কমান্ডার হামাম ঈদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
রোববার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, হামাম ঈদ হামাসের ড্রোন নির্মাণ ও ড্রোন-সংক্রান্ত সামরিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন। তাদের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তিনি সম্প্রতি হামাসের বিমান ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিলেন।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের ধাপে ধাপে অস্ত্র সমর্পণের শর্ত অন্তর্ভুক্ত ছিল। তবে চুক্তির বাস্তবায়ন এখনো পুরোপুরি এগোয়নি।
এদিকে গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় সামরিক অভিযান চালিয়ে উপত্যকার ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করছে ইসরায়েল।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে হতাহতের এই তথ্যের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার