
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন প্রশাসনিক ব্যবস্থা গঠনের পথ সুগম করতে বর্তমান গাজা সরকার নিজেদের শাসন সংস্থা বিলুপ্তির ঘোষণা দিয়েছে। একই সঙ্গে সরকারের জরুরি কমিটিও বিলুপ্ত করা হয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল খালেক আল-ফাররা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।
সোমবার (৬ জুলাই) প্রকাশিত সরকারি এক বিবৃতিতে জানানো হয়, ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি)-এর কাছে গাজার বেসামরিক শাসন ও প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নতুন প্রশাসনের কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ বিষয়ে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দল, গোত্র-উপজাতির প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং জাতিসংঘের একজন পর্যবেক্ষকের উপস্থিতিতে একটি জাতীয় কমিটির কাছে প্রস্তুতির রূপরেখা উপস্থাপন করা হয়েছে।
সরকারের ভাষ্য, ইসরাইলের চলমান সামরিক অভিযান ও অবরোধে সৃষ্ট মানবিক সংকট মোকাবিলা এবং কায়রোতে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়নের অঙ্গীকার থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রশাসনিক পরিবর্তনের সময় যাতে জনসেবা ব্যাহত না হয় বা কোনো প্রশাসনিক শূন্যতা সৃষ্টি না হয়, সে জন্য কারিগরি ও পেশাদার বেসামরিক কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দায়িত্বে বহাল থাকবেন এবং নতুন প্রশাসনের অধীনে কাজ চালিয়ে যাবেন।
তবে এই ক্ষমতা হস্তান্তরের ঘোষণাকে ‘প্রতারণা’ হিসেবে আখ্যা দিয়েছে ইসরাইল। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-এর বরাত দিয়ে এক ইসরাইলি কর্মকর্তা দাবি করেন, পদত্যাগের ঘোষণার বাস্তব কোনো গুরুত্ব নেই, কারণ বর্তমান প্রশাসনের সদস্যরা এখনও তাদের অবস্থানে রয়েছেন। তার অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সময়ক্ষেপণ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে, ফিলিস্তিনি জাতীয় ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক সংস্থা এনসিএজি জানিয়েছে, প্রয়োজনীয় পরিবেশ ও সক্ষমতা নিশ্চিত হলেই তারা গাজার প্রশাসনিক দায়িত্ব গ্রহণে প্রস্তুত। বর্তমানে সংস্থাটি কায়রো থেকে কার্যক্রম পরিচালনা করলেও এখনও গাজার অভ্যন্তরে সরাসরি কাজ শুরু করতে পারেনি।
এদিকে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা চলাকালেই এ ঘোষণা এলো। এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনায় জিম্মি মুক্তি, ইসরাইলি সেনা প্রত্যাহার এবং একটি টেকনোক্র্যাট সরকার গঠনের কথা উল্লেখ করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার