গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
প্রতিবেদকের নাম 




















