গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইজ্জতপুর এলাকার ঢাকা-ময়মনসিংহ রেলপথের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আল আমিন (৩২) ও তার স্ত্রী রিনা আক্তার (৩০)। রিনার বাড়ি শ্রীপুরের বর্মি ইউনিয়নে। তার বাবার নাম সিদ্দিক মিয়া।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ইজ্জতপুর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় রেললাইনের ওপর এক যুবক ও এক নারীর ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
নিহত রিনার স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, প্রায় চার বছর আগে পরিবারের অমতে আল আমিনকে বিয়ে করেন রিনা। পরিবার তাদের বিয়ে মেনে না নেওয়ায় তারা শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
স্বজনদের দাবি, সম্প্রতি ওই দম্পতি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন। এ বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। এ কারণেই তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিবেদকের নাম 


























