
গাজীপুরের কালিয়াকৈরে ড্রেস ম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় আবারও অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক।
শনিবার (২০ জুন) সকাল ৯টার দিকে কারখানার সাত তলায় কাজ শুরুর কিছুক্ষণ পরই শ্রমিকরা একে একে অসুস্থ হতে শুরু করেন। পরে তাদের দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টা থেকে একে একে প্রায় ৫০ জন শ্রমিককে অসুস্থ অবস্থায় আনা হয়। এর মধ্যে ১৯ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, কয়েকজনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
অসুস্থ শ্রমিকদের মধ্যে বমি, মাথা ঘোরা ও পেটব্যথার মতো উপসর্গ দেখা গেছে। প্রাথমিকভাবে চিকিৎসকরা ধারণা করছেন, দূষিত পানি থেকে এ ঘটনা ঘটতে পারে।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, শ্রমিকদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, শ্রমিকরা কাজ শুরু করার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন। তবে পানি থেকেই সমস্যা হয়েছে—এমন অভিযোগ তারা নিশ্চিত করতে পারেননি।
তিনি আরও দাবি করেন, গত দুই দিন ধরে পানি ফিল্টার করা হচ্ছিল এবং কিছু শ্রমিক পানি পান করার আগেই অসুস্থ হয়ে পড়েন।
এর আগে গত ১৮ জুন একই কারখানায় পানি পান করার পর দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই ঘটনার পর পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার