প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং সামার-২০২৬ টার্মে ভর্তি হওয়া ৫৪৬ জন নবীন শিক্ষার্থীর ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফুল ও ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরপর বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাগত বক্তব্য দেন এবং বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও গবেষণাভিত্তিক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম নবীনদের শৃঙ্খলা, নৈতিকতা, বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি ও শিক্ষা–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সামার-২০২৬ টার্মে মোট ৫৪৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে স্নাতক পর্যায়ে ৫১৩ জন, স্নাতকোত্তরে ৩০ জন এবং পিএইচডি পর্যায়ে ৩ জন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও কৃষি গবেষণায় দেশের অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য অর্জন করেছে। তিনি জানান, টাইমস হায়ার এডুকেশন (THE) সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৬-এ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া এসডিজি-১-এ বিশ্বে ৮২তম, এসডিজি-২-এ ৬৬তম এবং এসডিজি-৪ সূচকে ১০১–২০০-এর মধ্যে স্থান পেয়েছে।
তিনি আরও জানান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (WURI) ২০২৬-এ “অর্থনৈতিক উন্নয়নমুখী প্রযুক্তি হস্তান্তর” বিভাগে বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বের শীর্ষ ১০০-এর মধ্যে ২৩তম স্থান অর্জন করেছে গাকৃবি। পাশাপাশি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে।
উপাচার্য বলেন, তার দায়িত্ব গ্রহণের পর ৬টি উন্নত জাতের ফসল উদ্ভাবনে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ৯৭টি উচ্চফলনশীল জাত ও ২০টির বেশি কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নবীন শিক্ষার্থীদের সৎ, শৃঙ্খলাবদ্ধ ও গবেষণামুখী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
প্রতিবেদকের নাম 




















