
শেরপুরের গারো পাহাড়ে দীর্ঘদিন ধরে চলমান মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে কার্যকর উদ্যোগ না থাকায় পরিস্থিতি এখনও জটিল রয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, গত তিন দশকে বন্যহাতির জন্য কোনো স্থায়ী খাদ্যভান্ডার বা অভয়ারণ্য গড়ে তোলা হয়নি।
ফলে ধান পাকার মৌসুম এলেই হাতির দল নেমে আসে লোকালয়ে। এতে একদিকে ফসলহানি, অন্যদিকে প্রাণহানির ঘটনা বাড়ছে।
১৯৯৬ সাল থেকে শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী প্রায় ৫০টি গ্রামে বন্যহাতির আক্রমণ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের মতে, রাত হলেই হাতির দল খাদ্যের খোঁজে কৃষিজমিতে নেমে আসে, আর কৃষকরা রাত জেগে পাহারা দেন।
ঢাকঢোল, পটকা ও মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান মিলছে না।
বন্যহাতির আক্রমণে শত শত একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক কৃষক বাধ্য হয়ে জমি চাষ করা ছেড়ে দিয়েছেন। কেউ কেউ জীবিকার চাপে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বলেও অভিযোগ উঠেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকের বেশি সময়ে হাতির আক্রমণে প্রায় ৩০ জন মানুষ নিহত হয়েছেন এবং একই সময়ে ৩০টির মতো হাতিরও মৃত্যু হয়েছে।
বন বিভাগ জানিয়েছে, মানুষ-হাতি দ্বন্দ্ব কমাতে ইআরটি (Elephant Response Team) গঠন ও কিছু এলাকায় সোলার ফেন্সিং বসানো হয়েছিল। তবে নিম্নমানের কাজ ও রক্ষণাবেক্ষণের অভাবে অনেক স্থাপনাই অকার্যকর হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, খাদ্যভান্ডার, নিরাপদ করিডর বা কার্যকর সুরক্ষা ব্যবস্থা না থাকায় সমস্যা আরও বাড়ছে।
বন বিভাগের কর্মকর্তারা বলছেন, বন্যহাতি সংরক্ষণ ও মানুষের নিরাপত্তা—দুটিই নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিপূরণ প্রক্রিয়া দ্রুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ইআরটি টিমগুলোকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার