রাজধানীর গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয়ে গোপন বৈঠকের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকের সময় এক নেতা পুলিশের হাত থেকে বাঁচতে ড্রেনে লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে সেখান থেকে টেনে তুলে প্রিজন ভ্যানে নেওয়া হয়।
শনিবার গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক চলছে—এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে এক নেতা ড্রেনে লুকিয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে রক্ষা পাননি তিনি। পুলিশ সদস্যরা তাঁকে ড্রেন থেকে টেনে তুলে প্রিজন ভ্যানে নিয়ে যান।
এর আগে ওই কার্যালয়ে শতাধিক নেতাকর্মী জড়ো হয়েছিলেন বলে জানা যায়। বিষয়টি জানতে পেরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয় ঘিরে রাখেন।
পরে ঘটনাস্থলে পৌঁছান ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য।
বিকেল ৪টার দিকে জাসদ কার্যালয় থেকে একে একে অনেক নেতাকর্মীকে হাতকড়া পরিয়ে বের করে আনতে দেখা যায়।
পরে আটক ব্যক্তিদের পল্টন থানায় নেওয়া হয়। সেখানে তাঁদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 



















