
গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার। সোমবার (১৬ নভেম্বর) রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন পুলিশ সুপার মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হাসানুর রহমান।
দায়িত্ব গ্রহণের পর প্রত্যুষ কুমার মজুমদার পুলিশ সুপারের কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। এ সময় তিনি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের নাগরিকের সহযোগিতাও কামনা করেন তিনি।
প্রত্যুষ কুমার মজুমদার ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। গোপালগঞ্জে যোগদানের আগে তিনি ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ঝালকাঠি ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
এদিকে, গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই জেলার পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে এ রদবদল হলো।
গত রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী থেকে গোপালগঞ্জে বদলি করা হয়। একই আদেশে গোপালগঞ্জের বিদায়ী পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলায় বদলি করা হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার