
ঢাকা থেকে গাড়িতে করে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে দুর্বৃত্তদের হাতে আটক হওয়ার পর মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী। তাঁর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি নিরাপদে অবস্থান করছিলেন। মনিরুল হক ফরাজীর দাবি, মোট দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মুক্তি পান। ওই রাতেই ঢাকায় নিজের বাসায় ফেরেন। বর্তমানে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন। তবে এ ঘটনায় এখনো পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি তিনি।
মনিরুল হক ফরাজী জানান, বুধবার রাত ১টার দিকে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে নিজ গাড়িতে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা হন তিনি। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা তাঁদের গাড়ি লক্ষ্য করে আলোর ঝলকানি দেন। সামনে এগিয়ে তাঁরা দেখতে পান, সড়কের ওপর গাছ ফেলে অবরোধ করা হয়েছে। কয়েকজন গাছ সরিয়ে দিলে দ্রুত গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। এ সময় লাঠিসোঁটা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল লোক তাঁদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে।
তিনি বলেন, গাড়ি থেকে নামিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলাকারীদের আঘাতে তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল।
বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়। হামলাকারীরা তাঁর মোবাইল ফোনে প্রধানমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি দেখে তাঁকে আরও মারধর করে বলে দাবি করেন মনিরুল হক ফরাজী।
একপর্যায়ে ওই দুজনকে ছেড়ে দিয়ে তাঁর কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হাঁটিয়ে ঘোরানো হয়। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাঁকে হাঁটতে বাধ্য করা হয়। একপর্যায়ে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে অপহরণকারীরা। পরে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মনিরুল হক ফরাজী বলেন, সব মিলিয়ে দুই লাখ ১৭ হাজার টাকা ও বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়ার পর তাঁকে মুক্তি দেওয়া হয়। পরে ভাড়ায় মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে করে পথ ভেঙে ভেঙে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফেরেন তিনি। তাঁর ভাষ্য, শুরুতে দুর্বৃত্তদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন ছিল। তাঁদের কাউকেই ব্যক্তিগতভাবে চেনেন না তিনি। মুক্তি পাওয়ার পর ঢাকায় চিকিৎসা নিয়েছেন। এখনো সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছু জানাননি।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, বিএনপি নেতা মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহৃত হয়েছেন বলে খবর পাওয়ার পর তাঁরা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে ওই নেতা ফিরে এসেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হওয়ার পর তাঁর কাছ থেকে বিস্তারিত শুনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার