
দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ শতাংশ নরসিংদীর বিভিন্ন কারখানায় উৎপাদিত হলেও তীব্র গ্যাস সংকটে জেলার তিন শতাধিক কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। সংকট সামাল দিতে বিকল্প জ্বালানি হিসেবে কাঠ পুড়িয়ে অন্তত শতাধিক ছোট-বড় টেক্সটাইল কারখানা চালু রাখার চেষ্টা করছেন মালিকেরা।
শেখেরচর ও মাধবদী শিল্পাঞ্চলের ৪১টি ডাইং ও সাইজিং কারখানার নন-গ্যাস বয়লারে প্রতিদিন প্রায় ৮ টন কাঠ পোড়ানো হচ্ছে। এতে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বনজ সম্পদ ধ্বংসের পাশাপাশি কাঠ পোড়ানোর ধোঁয়ায় জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন পরিবেশবিদ ও স্থানীয়রা।
কারখানা সংশ্লিষ্টরা জানান, গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় উৎপাদন সচল রাখতে বাধ্য হয়ে বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে। তবে এতে উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে।
জুট বয়লার হিসেবে নিবন্ধিত বয়লারে কয়লা, জুটসহ বিভিন্ন উপকরণ ব্যবহারের কথা থাকলেও সেখানে কাঠ পোড়ানোর অভিযোগ রয়েছে। নরসিংদীর প্রধান বয়লার পরিদর্শক সুমন কুমার পাল বলেন, কাঠ পোড়ানোর কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে—এটি সত্য। তবে শিল্পকারখানা টিকিয়ে রাখার স্বার্থে মালিকেরা কাঠ ব্যবহার করছেন।
এ বিষয়ে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. বদরুল হুদা বলেন, সুনির্দিষ্ট আইন না থাকায় কাঠ পোড়ানোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।
নরসিংদী জেলায় নিবন্ধিত বয়লার কারখানার সংখ্যা ৩৬৪টি। এর মধ্যে ৩২৩টি গ্যাসচালিত। গ্যাস সংকটের কারণে এসব কারখানার একটি বড় অংশ উৎপাদন চালাতে সমস্যায় পড়েছে।
স্থানীয়দের দাবি, শিল্পকারখানার উৎপাদন সচল রাখার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় বয়লারে নির্বিচারে কাঠ পোড়ানো বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার