গ্রিসের ক্রিট দ্বীপের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৫১ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরও ২৫ জন। সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রিসের কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে।
গ্রিসের কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, দুর্ঘটনার সময় নৌকাটিতে ৭৭ জন ছিলেন বলে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন। নৌকাটি গাভদোস দ্বীপের কাছাকাছি ডুবে যায়।
ঘটনাস্থলের আশপাশে থাকা দুটি নৌকা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে ৫১ জনকে জীবিত উদ্ধার করে। তবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজদের সন্ধানে এখনও অভিযান চলছে।
নিখোঁজদের উদ্ধারে গ্রিসের কোস্টগার্ডের পাশাপাশি একাধিক সংস্থা কাজ করছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি নিউজ জানিয়েছে, উদ্ধার অভিযানে চারটি জাহাজ, কয়েকটি নৌযান, ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি উড়োজাহাজ এবং কোস্টগার্ডের একটি হেলিকপ্টার অংশ নিচ্ছে।
উদ্ধার হওয়া ৫১ জনকে ক্রিট দ্বীপে নেওয়া হবে। সেখানে তাদের জন্য নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছে ইআরটি।
তবে দুর্ঘটনাস্থলের আশপাশে প্রবল বাতাস থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
ক্রিটের দক্ষিণে অবস্থিত গাভদোস দ্বীপটি লিবিয়ার উপকূল থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে। সাম্প্রতিক সময়ে উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে গ্রিসে প্রবেশের চেষ্টা করা আশ্রয়প্রার্থীদের জন্য ক্রিট ও গাভদোস গুরুত্বপূর্ণ রুট হয়ে উঠেছে।
গ্রিসের সংবাদ সংস্থা এএনএর উদ্ধৃত দেশটির অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট পর্যন্ত আগের ১২ মাসে প্রায় ৬১ হাজার অভিবাসী গ্রিসে পৌঁছেছিলেন। পরবর্তী ১২ মাসে এই সংখ্যা কমে প্রায় ৪২ হাজারে নেমেছে। অর্থাৎ এক বছরে অভিবাসী আগমন প্রায় ৩১ শতাংশ কমেছে।
সমুদ্রপথে অবৈধ অভিবাসন কমাতে গত জুলাইয়ে গ্রিসের রক্ষণশীল সরকার উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে আসা অভিবাসীদের আশ্রয়ের আবেদন গ্রহণ তিন মাসের জন্য স্থগিত করে।
সরকারের দাবি, এই পদক্ষেপের ফলে অবৈধ সমুদ্রযাত্রায় নিরুৎসাহ তৈরি হয়েছে। তবে ক্রিটে আশ্রয়প্রার্থীদের আগমন বেড়ে যাওয়ার পাশাপাশি লিবিয়ার বেনগাজিভিত্তিক সরকারের সঙ্গে অভিবাসী প্রবাহ কমানোর বিষয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর পার্লামেন্টে এই নিষেধাজ্ঞা পাস হয়।
এদিকে গাভদোসের কাছে সর্বশেষ নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলোর অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার