
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। ধারালো অস্ত্রের আঘাতে আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ।
পুলিশ জানায়, চুরিসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে ‘রাশেদ চোর’-কে আটক করতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে তিনি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে দুই পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যান।
হামলায় এসআই রুহুল আমিনের হাতের কবজিসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এএসআই আব্দুল লতিফও আহত হন। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত রুহুল আমিনকে রংপুরে নেওয়া হয়। পরে অস্ত্রোপচারের জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাটের পুলিশ সুপার জানিয়েছেন, আহত পুলিশ সদস্যদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে। হামলাকারী আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার