
চট্টগ্রামে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করতে ইউনিলিভার বাংলাদেশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর মধ্যে অংশীদারিত্ব নবায়ন করা হয়েছে।
সোমবার (১১ মে) চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। নতুন এই চুক্তির আওতায় আগামী দুই বছর নগরের ৪১টি ওয়ার্ডে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, পুনর্ব্যবস্থাপনা এবং বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠানগুলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়া ইউনিলিভার বাংলাদেশ ও ইপসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ২০২২ সালে শুরু হওয়া এই উদ্যোগ ইতোমধ্যে চট্টগ্রামে একটি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। চার বছরের কম সময়ে প্রায় ৩২ হাজার টনের বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে, যার বড় অংশই পুনর্ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মী, ভাঙারিওয়ালা ও রিসাইক্লারদের একটি সংগঠিত ব্যবস্থার আওতায় আনা হয়েছে। পাশাপাশি তাদের জন্য প্রশিক্ষণ, নিরাপত্তা সরঞ্জাম, স্বাস্থ্যসুরক্ষা এবং আর্থিক অন্তর্ভুক্তির ব্যবস্থা করা হয়েছে।
এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী ও ২২০ জন স্ক্র্যাপ ক্রেতা প্রশিক্ষণ পেয়েছেন। প্রায় ২ হাজার কর্মী পেয়েছেন নিরাপত্তা সরঞ্জাম। এছাড়া ১ হাজারের বেশি শ্রমিককে গ্রুপ লাইফ ইনস্যুরেন্স সুবিধার আওতায় আনা হয়েছে।
অনুষ্ঠানে চসিক মেয়র বলেন, সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে নগর ব্যবস্থাপনা আরও কার্যকর ও টেকসই করা সম্ভব।
ইউনিলিভার বাংলাদেশের প্রতিনিধি জানান, প্লাস্টিক দূষণ কমাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও সার্কুলার অর্থনীতি গড়ে তোলা অত্যন্ত জরুরি।
ইপসা’র পক্ষ থেকে জানানো হয়, মাঠপর্যায়ের শ্রমজীবীদের সংগঠিত কাঠামোর আওতায় আনার ফলে তাদের আয়, নিরাপত্তা ও সামাজিক স্বীকৃতি বৃদ্ধি পেয়েছে।
নবায়িত এই অংশীদারিত্বের মাধ্যমে আগামীতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার