
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুতার ঘটনা শূন্যের কোঠায় নেমে এলেও চলতি বছর চারটি বাণিজ্যিক জাহাজে চুরি বা দস্যুতার অভিযোগ পেয়েছে এশিয়াভিত্তিক সমুদ্রপথে দস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা রিক্যাপ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত চারটি জাহাজে হামলা চালিয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। তবে বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ডের দাবি, এর মধ্যে দুটি ঘটনা ছিল সাধারণ চুরি। বাকি দুটি ঘটনার সত্যতা নিয়েও সন্দেহ রয়েছে।
এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করা না গেলে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি পণ্যবাহী মাদার ভ্যাসেলের নিরাপত্তায় কর্ণফুলী নদীর মোহনা থেকে আলফা, ব্রেভো ও চার্লি অ্যাংকরেজ এলাকায় নিয়মিত টহল দিচ্ছে কোস্টগার্ড। পাশাপাশি চলছে গোয়েন্দা নজরদারি। এর মধ্যেই ২০২৬ সালের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্দরের বহির্নোঙরে চারটি মাদার ভ্যাসেলে হামলা ও মালামাল লুটের অভিযোগ পায় রিক্যাপ।
এর আগের পাঁচ মাস এই অঞ্চলকে দস্যুতামুক্ত হিসেবে উল্লেখ করেছিল সংস্থাটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ঘটনাগুলোর বিষয়ে কোস্টগার্ড প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বাহিনীটি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।
জাহাজগুলোর পক্ষ থেকে সরাসরি রিক্যাপের কাছে অভিযোগ জানানো হলেও পরে ঘটনাগুলোর অনুসন্ধানে নামে কোস্টগার্ড। এর মধ্যে একটি জাহাজ ঘটনার চার দিন পর বাংলাদেশের জলসীমা পার হয়ে রিক্যাপকে অভিযোগ জানায়। আরেকটি জাহাজ অভিযোগ করে ঘটনার অন্তত সাত ঘণ্টা পর। এ দুটি ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. মিনহাজ আলম বলেন, একটি জাহাজ বাংলাদেশের সমুদ্রসীমা পার হওয়ার চার দিন পর অভিযোগ করেছে। এ কারণে ঘটনাটি আদৌ ঘটেছিল কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং জাহাজ কর্তৃপক্ষও কোনো প্রমাণ দিতে পারেনি।
রিক্যাপের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ মে বহির্নোঙরে অবস্থানরত সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ সিএনসি নেপচুনে ঢুকে প্রায় তিন হাজার লিটার বিভিন্ন ধরনের রং নিয়ে পালিয়ে যায় চোরের দল। ১০ আগস্ট সিঙ্গাপুরের পতাকাবাহী হাফনা রাবেন নামের আরেকটি জাহাজ থেকেও মালামাল চুরির অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া গত ২৯ অক্টোবর চার্লি অ্যাংকরেজে স্ক্র্যাপ জাহাজ হাই-জু থেকে বেশ কিছু সরঞ্জাম চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
সংশ্লিষ্টদের ধারণা, ধীরগতিতে চলা স্ক্র্যাপ জাহাজগুলোই চোরদের বেশি লক্ষ্যবস্তু হচ্ছে। বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, এ ধরনের ঘটনা সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। টহল বাড়ালেই পরিস্থিতি সামাল দেওয়া যাবে। এ জন্য নৌ-পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল বাড়ানোর পরামর্শ দেন তিনি।
এদিকে আমদানি পণ্য নিয়ে আসা জাহাজগুলোর নিজস্ব ব্যবস্থাপনার কারণেও দস্যুতা প্রতিরোধে সমস্যায় পড়তে হচ্ছে কোস্টগার্ডকে। বাহিনীটির অভিযোগ, মাদার ভ্যাসেলগুলো বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর থেকে বের হওয়া পর্যন্ত স্বয়ংক্রিয় জাহাজ শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) বন্ধ রাখে। ফলে জাহাজগুলোর অবস্থান শনাক্ত করা এবং সে অনুযায়ী নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে পড়ে।
তবে টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দস্যুতা প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড। ক্যাপ্টেন মো. মিনহাজ আলম বলেন, বিভিন্ন উদ্দেশ্যে অনেক নৌযান বহির্নোঙর, অন্যান্য অ্যাংকরেজ ও ডিপ সি এলাকায় চলাচল করে। এসব নৌযানের মধ্যে কিছু দস্যুতার সঙ্গে জড়িত। এরই মধ্যে সেগুলোর কয়েকটি শনাক্ত করতে পেরেছে কোস্টগার্ড।
২০২৫ সালেও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে চারটি দস্যুতার ঘটনা রিপোর্ট করেছিল রিক্যাপ। বন্দরের ৬৪ নটিক্যাল মাইল জলসীমায় কয়েকশ পণ্যবাহী মাদার ভ্যাসেলের পাশাপাশি প্রায় এক হাজার লাইটারেজ জাহাজ অবস্থান করে। এ ছাড়া চলাচল করে আরও কয়েক হাজার ধরনের নৌযান। বিপুলসংখ্যক নৌযানের মধ্যে দুর্বৃত্তদের ব্যবহৃত নৌযান শনাক্ত করা কোস্টগার্ডের জন্য কঠিন হয়ে পড়ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার